রামপুরায় গৃহকর্মী খুন, গৃহকর্ত্রী আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১২:৫০
রাজধানীর রামপুরা এলাকা থেকে মুন্নী আক্তার (১৫) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে রামপুরার বনশ্রী এলাকায় ৪ নম্বর রোডের ৩৫ নম্বর বাসা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মুন্নী এ বাসায় চার বছর ধরে গৃহকর্মীর কাজ করছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির গৃহকর্ত্রী নাজমুন নাহারকে আটক করা হয়েছে।
 
জানা গেছে, নিহত মুন্নীর বাবার নাম আনোয়ার হোসেন। নোয়াখালীর চরজব্বর থানা এলাকায় তাদের বাড়ি। রামপুরা থানা পুলিশ জানায়, রবিবার বিকালে খবর পেয়ে ওই বাসা থেকে মুন্নীর লাশ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে পোড়া ক্ষত দেখা গেছে। তাকে হত্যা করা হয়েছে সন্দেহ করছে পুলিশ। পরে বাড়ির গৃহকর্ত্রী নাজমুন নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।