যমুনা সার কারখানার এমডিকে অপসারণের দাবি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪৫
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিস্থ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তাফিজুর রহমানকে অপসারণ এবং গ্রেফতার দাবি জানিয়েছে ‘প্রজন্ম ৭১ মঞ্চ’।
 
সোমবার দুপুরে তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
 
এতে অভিযোগ করা হয়, মোস্তাফিজুর কারাখানাটির (জেএফসিএল) মূল্যবান সম্পদ চুরির সঙ্গে জড়িত। একই সঙ্গে তিনি জঙ্গি তৎপরতায়ও জড়িত।
 
এতে ‘প্রজন্ম ৭১ মঞ্চের’ আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
 
এতে অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি ও আওনা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন, শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, তাইফুল ইসলাম বাবুল ও আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।