ঝিনাইদহে বাসচাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২১:২৩
ঝিনাইদহ সদর উপজেলায় বাসচাপায় আলামিন হোসেন (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে লক্ষ্মীপুর গ্রামের আহম্মদ ফকিরের ছেলে।
 
সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে কালা লক্ষ্মীপুর নতুন বাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আলামিন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।
 
জানা গেছে, আলামিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। নতুন বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটকের চেষ্টা চলছে।