সাব্বির হত্যা মামলা: তারেকসহ চারজনের আবেদনের চূড়ান্ত শুনানি চলছে

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২১:২০
বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুলের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
 
সোমবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অংশ নেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। বুধবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছে আদালত। এ মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামালের আবেদনের উপর শুনানির জন্য ওই দিন ধার্য রাখা হয়েছে বলে জানান দুদক কৌসুলি খুরশীদ আলম খান।
 
২০০৭ সালের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আবুল কাসেম বাদী হয়ে রমনা থানায় তারেক রহমানসহ আটজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। পরে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন দায়ের করেন তারা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। বর্তমানে হাইকোর্টে ওই রুলের উপর শুনানি চলছে।