সাজের জন্য শীতকালই আদর্শ। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে মেকআপ ট্রেন্ড। যোগ হচ্ছে নিত্যনতুন রং। সবাই এখন মেকআপে উজ্জ্বল রং ব্যবহার করছে। সঙ্গে চুলেও নানা রঙের খেলা দেখা যাচ্ছে। শুরু হয়েছে ডার্ক, গ্লিটার, গ্লসি ও স্মোকি মেকআপ ট্রেন্ড। শীতে মেকআপে উজ্জ্বল রঙের ব্যবহার নিয়ে এবারের মূল ফিচার। লিখেছেন আফরোজা মোহনা।
শীতের মেকআপ
সাজগোজের সময় পোশাকের পাশাপাশি ত্বকের বিষয়ে খেয়াল রাখা উচিত। কেননা ত্বকের ওপর নির্ভর করে সাজের সফলতা। তাই ত্বকভেদে কেমন মেকআপ হবে, সে বিষয়ে খেয়াল রাখুন। আর পোশাকের সঙ্গে মেকআপ ঠিক রাখতে কী কী করবেন, সেটি নির্ভর করে সময়ের ওপর।
ময়েশ্চারাইজার
মেকআপ শুরুর আগে ত্বকে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার। শুষ্ক ত্বকে অয়েল বেজড ময়েশ্চারাইজার, তৈলাক্ত ত্বকে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও কম্বিনেশন ত্বকের টি জোনে অয়েল ফ্রি এবং বাকি অংশে অয়েল বেজড ময়েশ্চারাইজার লাগান।
সানস্ক্রিন
আপনি ফাউন্ডেশনের বিষয়টি না বুঝলে লাগিয়ে নিন সানস্ক্রিন।
ফাউন্ডেশন
শীতে ম্যাট ফিনিশের বদলে শাইন ফিনিশ এমন ফাউন্ডেশন বেশি কার্যকর। অনেকের ক্ষেত্রেই শীতে গায়ের রং ১-২ টোন উজ্জ্বল দেখায়। ফলে সামারে ব্যবহূত ফাউন্ডেশনের শেড ম্যাচ করে না এবং ডার্ক দেখায়। তাই শীতে স্কিন টোনের সঙ্গে শেড মিলিয়ে নেওয়া জরুরি।
কন্সিলার
ডার্ক সার্কেল, ব্রণের দাগ ও ডার্ক স্পট ঢাকতে বেছে নিন লিক্যুইড বা ক্রিম কন্সিলার।
কমপ্যাক্ট পাউডার
শীতে বেছে নিন একটু ভারী ধরনের ক্রিম কমপ্যাক্ট পাউডার, যাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, অতিরিক্ত শুষ্ক করবে না।
আইশ্যাডো
শীতে চোখের সাজে বেছে নিন ফ্রস্টি, শিমারি আইশ্যাডো। স্মোকি লুক বেশ মানায় শীতের রাতের পার্টিতে। আইশ্যাডোর আগে লাগান ক্রিম কন্সিলার ও আইপ্রাইমার। আইশ্যাডো দীর্ঘস্থায়ী করার পাশাপাশি এটি আর্দ্রতাও দেবে। স্মোকি মেকআপে কতটা বৈচিত্র্য আনা যায়, তা নিয়ে শুরু হয়েছে নানা এক্সপেরিমেন্ট। ব্ল্যাক বা ব্রাউনের বেড়াজাল ভেঙে আইব্রোর কালারেও লেগেছে নতুনত্ব। ব্যবহার করা হচ্ছে ডার্ক অলিভ অথবা ডিপ অ্যাশ।
ঠোঁটের সাজ
দামি সুন্দর লিপস্টিক পরলেন অথচ ঠোঁট শুষ্ক ও ফাটা। সে ক্ষেত্রে ভালো দেখাবে না একদমই। লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে ভালো মানের লিপবাম লাগান। লিপস্টিকের বদলে ব্যবহার করতে পারেন টিন্টেড লিপবাম আর লিপগ্লস। গাঢ়, হালকা, কালচে লাল—সব ধরনের শেডকেই মনে করা হচ্ছে ডিপ উইন্টার কালার বলে। এর পাশাপাশি রয়েছে কফি, পার্পল ও অরেঞ্জ। তবে সত্যিকার অর্থে যদি প্যালেটের কথা চিন্তা করা হয়, তবে শীতে ঠোঁটের রং হওয়া চাই প্রকৃত রেড, রুবি ও বারগ্যান্ডি। এখন ম্যাট লিপস্টিককে বিদায় জানিয়ে সেখানে জায়গা করে নিয়েছে গ্লসি, গ্লিটারি, শিমারি লিপস্টিক।
ব্লাশ-অন
ব্লাশ শীতের মেকআপের প্রধান আইটেম। শীতের ফ্যাকাশে ত্বককে রঙিন করতে বেছে নিন ব্লাশ। যাদের রং ফর্সা ও আন্ডারটোন পিংক, তারা বেছে নিন গোলাপি বা কোরাল শেড। হলুদ আন্ডারটোন ও চাপা রং হলে পিচ, টেরাকোটা শেডগুলো বেশি মানাবে। পাউডার ব্লাশ-অনের বদলে বেছে নিন ক্রিম ব্লাশ। এখন ‘ব্লাশ ইন রোজ গোল্ড’ বেশ চলছে। বেড়েছে শিমার ও হাইলাইটিং ব্লাশের ব্যবহার। রিগ্যাল রোজ, মেলন, ট্যানজারিন ট্যাংগো, পাম্পকিন পাই, লাইট চেরি ইত্যাদি ঠিক গাঢ় বা হালকা নয় এমন অফবিট কালারগুলো স্থান করে নিয়েছে ব্লাশে।
রঙিন চুল
লালের ব্যবহার লেগেছে চুলেও। বিদেশি অনেক গায়ক-গায়িকারা হঠাত্ পুরো চুল লাল করে ফেলছেন তা নয়, তারা চুলে র্যাডিশ টোন ব্যবহার করছেন। কিছু চুল রেড হাইলাইট বা পুরো চুলে আনতে হবে হালকা লালচে ঢেউ। ডিপ ব্ল্যাক নয়; অলমোস্ট ব্ল্যাক, ডিপ চকলেটের ছোঁয়াতেও কখনো কখনো চুল হতে পারে ঝলমলে।
পোশাকের রং
শীতে পোশাকের জন্য পারফেক্ট রঙগুলো হলো ব্ল্যাক, পিউর হোয়াইট, ডার্ক চারকোল, ডিপ রেড, গ্রিন, ব্লু, বারগ্যান্ডি, আইসি পিঙ্ক ও ব্রাউন ব্ল্যাক। মেকআপের গাঢ় কালারের সঙ্গে পোশাকের কম্বিনেশন যেন ঠিক থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
টিপস
* প্রথমেই আসে ফাউন্ডেশনের ব্যবহার। স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে ফাউন্ডেশন বেছে নেওয়া উচিত। নরম ও উজ্জ্বল লুকের জন্য হালকা ফাউন্ডেশনই উত্তম।
* স্কিন টোন যাতে গ্লেস করে এজন্য ব্যবহার করা যেতে পারে হাইলাইটিং ক্রিম। তবে ত্বকের নরম ভাব বজায় রাখার জন্য সেটা খুব ভালো করে ব্লেন্ড করা প্রয়োজন।
* মেকআপে বাড়তি আকর্ষণ যোগ করে যদি উইঙ্গড আইজ পেতে চান তবে প্রথমে চোখের উপরের পাতায় ল্যাশলাইন ধরে একদিক থেকে আরেকদিকে আইলাইনার দিয়ে দিতে হবে।
* কারও যদি লিক্যুইড আইলাইনারে সমস্যা হয়, তবে প্রথমে পেন্সিল দিয়ে টেনে তারপর লিক্যুইড ব্যবহার করা যেতে পারে।
* রাতে কোথাও পার্টিতে গেলে ন্যাচরালি কুল-লুক মেকআপ ভালো লাগবে না। হাইলাইট ক্রিমের বদলে পিংক ব্লাশ-অন লাগিয়ে নিলে খুব গ্ল্যামারাস লাগবে।
* ফ্রস্টি মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চোখের মেকআপ। ল্যাশলাইনের উপরের অংশে পার্লি হোয়াইট আইশ্যাডো লাগাতে হবে। সঙ্গে ব্যবহার করা যেতে পারে ব্লুশিমারি শ্যাডো এবং বাইরের দিকের অংশের জন্য পার্লি ব্ল্যাক।
* আই শ্যাডোর কালার হিসেবে বেছে নেওয়া যেতে পারে অন্য কোনো কুল শেড। যেমন—সাদা, রুপালি, আইস ব্লু বা পিঙ্কের মতো রং।
* পেন্সিল লাইনার দিয়ে আইল্যাশের ঠিক উপরে রেখা টানলে চোখ আরও উজ্জ্বল দেখাবে। এরপর দিতে হবে মাসকারা।
* মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইলে চিকবোনে ক্রিমের জায়গায় আইশ্যাডো দিয়েও হাইলাইট করা যেতে পারে।
* সাধারণত এই মেকআপের সঙ্গে পিঙ্ক বেশি মানায়, সঙ্গে লাগানো যেতে পারে সিলভার গ্লস
