বর্তমানে বড় ফ্ল্যাটের তুলনায় ছোট ফ্ল্যাটের সংখ্যা বেশি। আর নতুন সংসারের জন্য ছোট্ট ফ্ল্যাটগুলোই বেশি উপযোগী। কিন্তু তারপরও অনেকেই ছোট্ট ফ্ল্যাটটি গুছিয়ে রাখাতেই বেশ চিন্তায় পড়ে যান। ঘর ছোট হওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর সঠিক ব্যবস্থাপনা নিয়ে অনেকেই ঝামেলায় পড়েন। কিন্তু এতে চিন্তার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটু সৃজনশীল মন।
বর্তমানে অধিকাংশ পরিবারই ছোট ফ্ল্যাটের বাসিন্দা। তবে অনেকেই ছোট ফ্ল্যাটের অন্দরসজ্জা নিয়ে অসুবিধায় পড়েন। আবার অনেকের ধারণা, অন্দরসজ্জা ব্যয়সাপেক্ষ, কিন্তু আসলে তা নয়। সাধ আর সাধ্যের মধ্যে কিছুটা আপস করে ছোট ফ্ল্যাটেই অনায়াসে তৈরি করে ফেলতে পারেন আপনার স্বপ্নের বাড়ি।
ঘর সাজানোর বিষয়টি চিন্তা করলে প্রথমেই যে ঘরটার কথা মাথায় আসে তা হলো বসার ঘর। চিরচেনা আসবাবের বদলেও শুধু মেঝেতেই করা যেতে পারে বসার সুন্দর পরিপাটি ব্যবস্থা। সে ক্ষেত্রে সোফার বদলে মেঝেতে ফোম বসিয়ে বা মাদুর, শতরঞ্জি পেতে এর ওপর বড় কুশন দিয়েও বসার আয়োজন করা যেতে পারে। এরজন্য লম্বা আকৃতির একটা ফোম বসিয়ে তার ওপর নকশা করা একটা রঙিন চাদর বিছিয়ে ওপরে কিছু রংবেরঙের কুশন ছড়িয়ে দিতে হবে। আর তার সামনেই পেতে দিতে হবে একটা রঙিন শতরঞ্জি। এ শতরঞ্জির ওপর একটা খুব ফ্ল্যাট আকৃতির কাঠের টেবিল বা পিঁড়ি পেতে বানানো যেতে পারে সেন্টার টেবিল।
খাবার ঘরের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করতে পারেন। খাবার ঘরের মাঝখানেও একটা ফ্ল্যাট আকৃতির নিচু টেবিল বসিয়ে তার চারপাশে ছড়িয়ে দেওয়া যেতে পারে বড় বড় পিঁড়ি বা কুশন। পিঁড়ির ওপর পাতলা ফোমের রঙিন কাপড়ে মোড়া গদি অথবা রঙিন নকশাদার কভারে কুশন হলেও ভালো লাগবে।
এবার আসা যাক শোবার ঘরে। খাট ছাড়া তো শোবার ঘরের কথা চিন্তাই করা যায় না। শোবার ঘর মানেই নানা ম্যাটেরিয়ালের তৈরি খাট। কিন্তু খাটের বদলে শুধু মেঝেতেই শোবার আয়োজন করা যায়। শোবার ঘরে খাটের বদলে শুধু ম্যাট্রেস বসিয়ে তার ওপরে শোবার আয়োজন করা যেতে পারে খুব সহজেই। ম্যাট্রেসের উপরে বিছিয়ে দিতে পারেন নানান রংবেরঙের নকশা করা চাদর। তার উপরে ছড়িয়ে রাখতে পারেন ছোট রঙিন কুশন।
এছাড়া, আপনার ফ্ল্যাটের দরজাগুলোর পেছনে এমন অনেক জায়গা রয়েছে যেগুলোকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। দরজার পেছনের এই জায়গাগুলো সচরাচর কারও চোখে পড়ে না। এজন্য রুমের অন্যান্য খোলা জায়গাগুলোর চাপ কমাতে আপনি এইসব জায়গাতে ছোট ছোট ফার্নিচার বা শোপিস সাজিয়ে রাখতে পারেন। আপনি হয়তো আপনার রুমের মেঝেতে অনেক ফার্নিচার বা শোপিস সাজিয়ে রাখতে পারেন কিন্তু দেয়ালে সেভাবে পারেন না। এক্ষেত্রে একটু সৃজনশীল চিন্তা করুন। ভেবে দেখুন এমন কিছু জিনিস ঘরে রয়েছে, যা আপনি আপনার রুমের দেয়ালে সাজিয়ে রাখতে পারেন। আপনার ফ্ল্যাটের রুমে কারুকাজ করা সুন্দর সুন্দর আয়না ঝুলিয়ে রাখুন এতে আয়নাতে রিফ্লেক্ট করা ঘরের জিনিসগুলো মনে হবে অনেক দূরে রয়েছে। এতে রুমের স্পেসটাকে অনেকটাই বড় মনে হবে।
