প্রতিবন্ধীদের চিকিৎসা সেবায় ‘ভ্রাম্যমাণ থেরাপি ভ্যান সার্ভিস’

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৭:২২
ঝালকাঠিতে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় অত্যাধুনিক মেডিক্যাল ইকুয়েপমেন্টের ‘ভ্রাম্যমাণ থেরাপি ভ্যান সার্ভিস’ চালু করা হয়েছে।
 
মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ ভ্রাম্যমাণ সেবা চালু করা হয়েছে। জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
ভ্রাম্যমাণ এ কার্যক্রমের আওতায় জেলার চারটি উপজেলায় সপ্তাহে দুইদিন করে ‘থেরাপি সেবা’ দেয়া হবে। একই সঙ্গে ঝালকাঠি ও নলছিটির স্থায়ী কেন্দ্রে প্রতিবন্ধীদের সেবা ও সাহায্য কার্যক্রম অব্যাহত থাকবে।
 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাফর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন সেখ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন ভূইয়া ও সঞ্জয় মিস্ত্রী ও প্রতিবন্ধী বিশেষজ্ঞ ডা. আরাফাতুল ইসলাম উপস্থিত ছিলেন।