পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয় খোলার এক দিন পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে চার জন জঙ্গি স্বয়ংক্রিয় অস্ত্র ও বোমা নিয়ে হামলা চালিয়ে ২১ জনকে হত্যার পর গত সোমবার শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছিল।
বিশ্ববিদ্যালয় খোলার পর পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছিল। হামলার পর থেকে শহরটিতে বন্ধ থাকা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও সোমবার খুলে দেয়া হয়।
বিশেষ প্রার্থনার মাধ্যমে সোমবার বাচা খান বিশ্ববিদ্যালয় খোলে। তবে মঙ্গলবারই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো বিশ্ববিদ্যালয়টি। বন্ধ করার কারণ হিসেবে খারাপ আবহাওয়া, বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও পরিষ্কার করার কাজের কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র। সূত্র: পিটিআই
