সাভারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ০৮:৪৩
সাভারের ব্যাংক কলোনি এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে প্রবাসী স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত সুলতানা বেগম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাচপাই গ্রামের ফরহাদ হোসনের মেয়ে। তিনি বর্তমানে সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি বিউটি পার্লারে কর্মরত ছিলেন।
 
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আজিজুর রহমানের ভাড়া বাসা থেকে সুলতানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী আমির হোসেনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছেন। ঘরে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় সুলতানার মরদেহ উদ্ধার করা হয়। এসময় বাইরে থেকে ঘরের দরজায় তালাবদ্ধ ছিল। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।