মানুষ হত্যাকারীদের পরাভূত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ২১:২৮
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রাজনীতি ও ধর্মের নামে মানুষ হত্যাকারী শক্তিকে পরাভূত করতে আলোকিত মানুষ দরকার।
 
শুক্রবার দুপুরে শরীয়তপুর জেলার পঞ্চপল্লী গুরু রাম উচ্চ বিদ্যালয় মাঠে ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’ গানের রচয়িতা, বিখ্যাত গীতিকার, সুরকার অতুল প্রসাদ সেনের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আসাদুজ্জামান নূর বলেন, ‘রাজনীতি ও ধর্মের নামে যারা জীবন্ত মানুষ পুড়িয়ে মারে, সেই অপশক্তিকে পরাভূত করতে হলে শুধু রাজনীতি দিয়ে করা যাবে না। এজন্য আলোকিত মানুষ লাগবে। আলোকিত মানুষ হতে হলে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।
 
সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, অতুল প্রসাদের শুধু ম্যুরাল নির্মাণ করলেই হবে না, তাকে জানতে হবে। আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামসহ বরণ্যে ব্যক্তিদের নিয়ে নির্দিষ্ট দিনে অনেক আলোচনা হলেও তাদের বিষয়ে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না। আগে তাদের সম্পর্কে জানতে হবে, শিখতে হবে।
 
তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির সামনে তুলে ধরার জন্য অভিভাবকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।
 
সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে ও শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এমপি, শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রব মুন্সী, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সুলতান মাহমুদ সীমন, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কেএম ইসমাইল হক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম ঢালী।