তা হ মি না মি লি
সবার অনেক দিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিনেমার পর্দায় হাজির হয়েছে। এরমধ্যে ২০টি মার্ভেল চলচ্চিত্র মুক্তি পেলেও ক্যাপ্টেন মার্ভেলকে নিয়ে সিনেমা দেখেনি দুনিয়া। গত সপ্তাহে আন্তর্জাতিক নারী দিবসে রুপালি পর্দায় উপস্থিত হয়েছেন চমক লাগানো মার্ভেল কমিকসের চরিত্র ক্যাপ্টেন মার্ভেল। মার্ভেল কমিকসের দুনিয়ায় অন্যতম শক্তিশালী এই চরিত্রটি নিয়ে এতদিন দর্শকমনে নানা জল্পনাকল্পনা ছিল, অনেক আলোচনা ছিল সবার মুখে মুখে। ছবিটির কাহিনি ১৯৯৫ সালের ঘটনাবলি নিয়ে। মহাকাশের দুই চির বিবাদমান শক্তি ক্রি ও স্ক্রাল। এ দুই শক্তির লড়াইয়ের মধ্যে পড়ে অসীম ক্ষমতার অধিকারী হয় মার্কিন বিমানবাহিনীর এক পাইলট ক্যাল ডেনভার্স। অতীতের সব স্মৃতি হারিয়ে সে যোগ দেয় ক্রি সেনাবাহিনীতে। আবারও এক যুদ্ধের প্রাক্কালে পৃথিবীতে ফিরে খুঁজতে থাকে নিজের অতীতকে, দুনিয়ার মানুষের কাছে পরিচিত হয় পরাক্রমশালী ক্যাপ্টেন মার্ভেল হিসেবে। চলচ্চিত্রটিতে ক্যাপ্টেন মার্ভেল ক্যারল ডেনভার্স চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন। ‘রুম’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার পাওয়া অভিনেত্রী ব্রি লারসনকে ক্যাপ্টেন মার্ভেল সাজতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। নিজেকে পুরোপুরি নতুনভাবে তৈরি করতে হয়েছে চরিত্রটির জন্য। শুধু ছবির পোস্টারের পোজটি আয়ত্ত করতেই ছয় ঘণ্টা অনুশীলন করতে হয়েছে। পুরো সিনেমার শুটিংয়ের সময় তাকে ভিন্ন লাইফস্টাইল মেইনটেন করতে হয়েছে। ছবিটি করার আগে কঠোর ডায়েট ও শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে পুরোটা সময়। নারীবাদী হিসেবে পরিচিত বিখ্যাত হলিউড অভিনেত্রী ব্রি লারসন ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবিটিকে দেখছেন বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নকে ছড়িয়ে দেওয়ার প্লাটফর্ম হিসেবে। নিজের চরিত্রটি নিয়েও দারুণ উচ্ছ্বসিত তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্যান্য সুপারহিরোর মতো ক্যারল ডেনভার্স একেবারেই নিখুঁত নয়। এ দিকটিই চরিত্রটিকে অনন্য করেছে।’ এ ছবিটি নির্মাণের ঘোষণা আসার পর থেকেই কখনো লিঙ্গ বৈষম্যের, আবার কখনোবা ডিসি কমিকস ভক্তদের তোপের মুখে পড়েছে ‘ক্যাপ্টেন মার্ভেল’। এ বিষয়ে ব্রি বলেন, ‘সব কিছুর জবাব আমরা কাজের মাধ্যমে দিতে চেষ্টা করেছি।’
ক্যালিফোর্নিয়ার স্যাকরামেন্টোতে জন্মগ্রহণকারী ব্রি লারসন মাত্র ছয় বছর বয়সে আমেরিকান কমজারভেটরি থিয়েটারে ভর্তি হয়েছিলেন। বয়সের সঙ্গে সঙ্গে অভিনয়ের সঙ্গে তার সম্পৃক্ততা বাড়তে শুরু করে। তার অভিনীত উল্লেখযোগ্য হলিউডি সিনেমার মধ্যে রয়েছে ‘গ্যাম্বলার, ‘ডিগিং ফর ফায়ার’, ‘ট্রেন রেক’, ‘রুম’, ‘থ্রি ফায়ার’, ‘কং :স্কাল আইল্যান্ড’, ‘দ্য গ্ল্যাস ক্যাসেল’, ‘ইউনিকর্ন স্টোরি’, ‘বাসমতি ব্লুজ’ প্রভৃতি। এর মধ্যে ‘ইউনিকর্ন স্টোর’ ছবিটির পরিচালক ও প্রযোজকও ছিলেন ব্রি লারসন। তার অভিনীত নতুন সিনেমা ‘জাস্ট মার্সি’র কাজ চলছে বর্তমানে।
