হোমনায় ছয় কেজি গাঁজাসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- গাজীপুর জেলার জয়দেবপুর থানার খালকুড়া গ্রামের মধ্য পাড়ার বাদশা মিয়ার স্ত্রী সালমা (৩০), মৃত সোনা মিয়ার স্ত্রী সুফিয়া (৫০) ও একই গ্রামের দক্ষিণ পাড়ার ফারুকের স্ত্রী হেলেনা (২৬)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় হোমনা সদরের পুরাতন বাসস্ট্যান্ড ও চৌরাস্তা মোড়ে পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য শারমিন আক্তার ও নূর নাহার আটককৃতদের দেহ তল্লাশি করে তিন জনের পেটে পলিথিন দিয়ে বাঁধা দুই কেজি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করেন। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ারুল হক ও এসআই নূর উদ্দিন জাহাঙ্গীর।
ওসি আরো জানান, এ ব্যাপারে হোমনা থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। আটককৃতরা ব্রাক্ষ্মণপাড়া থানার ভারত সীমান্তের শশীদল এলাকা থেকে গাঁজাগুলো ক্রয় করে ঢাকা গাজীপুর নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়।
