জাতীয় কবিতা উৎসব ১ ফেব্রুয়ারি থেকে শুরু

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৫:২৩
‘কবিতা মৈত্রীর কবিতা শান্তির’ স্লোগানকে সামনে রেখে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৩০তম জাতীয় কবিতা উৎসব-২০১৬।
 
ওইদিন সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার, কবি কাজী নজরুল ইসলাম, শিল্পী জয়নুল আবেদীন ও কামরুল হাসানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এটি অনুষ্ঠিত হবে।
 
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় কবিতা উৎসব পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
 
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের কবিরা চিরকালই প্রগতির পক্ষে। এক্ষেত্রে বিশ্বের সকল ভাষার সংগ্রামী কবি ও কবিতার ধারার সঙ্গে বাঙালি কবিদের লড়াই একই মন্ত্রে গাঁথা। একুশের দৃপ্ত শপথে স্মরণ করে আমরা ‘কবিতা মৈত্রীর কবিতা শান্তির’ এই শ্লোগানকেই মূর্ত করব এবারের উৎসবে।
 
উৎসবে ইতোমধ্যে যেসকল কবি-লেখক-শিল্পী তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন তারা হলেন- ভারতের কবি বীথি চট্টোপাধ্যায়, সেবন্তী ঘোষ, আনসার উল হক, রাসাবিহারী দত্ত, শংকর সাহা ও মোহর ট্টোপাধ্যায়, প্রাবন্ধিক শংকরলাল ভট্টাচার্য, আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র, অনিন্দীতা কাজী (পশ্চিমবঙ্গ), দিলীপ দাস, যোগমায়া চাকমা, সংগীতা দেওয়ানজী, আকবর আহমেদ (ত্রিপুরা), চন্দ্রিমা দত্ত (আসাম), সুইডেনের কবি র্লাস হেগার, বেনত্ বার্গ, লত্তে সেদেরহোলম, নরওয়ের এরলিংক কিতেনসেন, স্লোভাকিয়ার মিলান রিচার, লীন ফো-অর, লী রিও-ইয়াং, ড. ফাং ইয়া-চীন, তাই চীন-চো, চীন জিউ-জেন প্রমুখ।