প্রকাশিত হলো মিউজিক ভিডিও ‘কৃষ্ণ হইতে সাধ জাগে’। ফোক যুবরাজ হিসেবে পরিচিত শিল্পী আশিকের কণ্ঠে নতুন এই মিউজিক ভিডিওটি রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেল এবিসিবাংলা টিভিতে। গানটি লিখেছেন সাংবাদিক রুদ্র মিজান। সুর দিয়েছেন অতনু তিয়াস।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হুমায়ূন আহমেদের নন্দিত নরকের নায়িকা হিসেবে খ্যাত অভিনেত্রী সুমনা সোমা, ঢাকার চলচ্চিত্রের নায়ক সাইফ খান ও মডেল স্নেহা। গানটি প্রসঙ্গে আশিক বলেন, ‘অনেক যত্ন করে এটির সুর ও সংগীতের কাজ করা হয়েছে। আর রুদ্র মিজানের লেখা লিরিকগুলোও চমত্কার। আশা করছি সংগীতপ্রেমীদের মনে গানটি স্থান করে নেবে।’ একইভাবে সুমনা সোমা জানান, ‘গানের প্রতিটি শব্দ প্রেমিক হূদয় ছুঁয়ে যাবে। মিউজিক ভিডিওর দৃশ্যধারণেও গানের কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে দর্শকরা নতুনত্ব পাবে। বিশেষ করে আমাকে নতুন লুকে দেখতে পাবেন দর্শকেরা।’ উল্লেখ্য, চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নিয়েছিলেন আশিক। এরপর একাধারে বেশকিছু অ্যালবামে কাজ করেছেন তিনি। অ্যালবামের পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এছাড়া টেলিভিশন লাইভ অনুষ্ঠানগুলোতেও প্রায়ই অংশ নিতে দেখা যায় তাকে।
