‘সরকার দেশের প্রতি বিভাগে সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তুলছে’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৪:৫০
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘সংস্কৃতির বিপ্লব ঘটাতে সরকার দেশের প্রতি বিভাগে সাংস্কৃতিক কমপ্লেক্স ও প্রতি উপজেলায় মুক্তমঞ্চ গড়ে তুলছে। আর এটি বাংলাদেশের হৃদয়কে অন্ধকারমুক্ত করার প্রতিফলন।’
 
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁচ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
 
মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে মানবিক রূপে গড়ে তুলতে হলে তাদের মধ্যে সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে হবে।’
 
নামফলক উন্মোচনের পর একাডেমির হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।IMG0
 
এতে আসাদুজ্জামান নূর আরো বলেন, ‘আমরা একটি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছি। শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সন্ত্রাসবাদ দমন করা সম্ভব নয়।  অন্ধকার দূর করতে হলে সুস্থ সংস্কৃতি চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এভাবেই কাঙ্খিত সুন্দর সমাজ গঠন করা সম্ভব।'
 
এতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক পঙ্কজ দের সঞ্চালনায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও পুলিশ সুপার হারুন অর রশীদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।