কেরাণীগঞ্জে মুক্তিপণের দাবিতে শিশু অপহরণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৯:০৩
ঢাকার কেরাণীগঞ্জে মুক্তিপণের দাবিতে এক স্কুলছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
 
অপহৃত মো. আব্দুল্লাহ্ (১১) উপজেলার মোগারচর এলাকার প্রবাসী বাদল হোসেনের ছেলে। মোগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে।
 
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন জানান, শুক্রবার দুপুরে আব্দুল্লাহ্ তার নিজ গ্রাম থেকে অপহৃত হয়।
 
তিনি বলেন, দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে শনিবার সকালে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার পরিবারের কাছে একটি এসএমএস পাঠায় অপহরণকারী। মুক্তিপণ দাবির বিষয়টি জানার পর শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। তবে যে নম্বর থেকে এসএমএস এসেছে তা বন্ধ রয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে উদ্ধার বা অপহরণে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।