কেরাণীগঞ্জে অপহরণের ৪৮ ঘণ্টা পরও স্কুলছাত্র উদ্ধার হয়নি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৬:৫৫
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় মো. আবদুল্লাহ (১১) নামে এক স্কুলছাত্রকে অপহরণের ৪৮ ঘণ্টা পরও উদ্ধার করতে পারেনি পুলিশ।
 
উপজেলার মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ শুক্রবার দুপুর থেকে নিখোঁজ হয়। সে রুহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের কুয়েত প্রবাসী বাদল হোসেনের ছেলে।
 
পুলিশের প্রাথমিক ধারণা, পরিচিত কেউ এ ঘটনায় সম্পৃক্ত রয়েছে।
 
আবদুল্লাহ পরিবার জানায়, শুক্রবার দুপুরের খাবার খেয়ে ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে পরিবারের মুঠোফোনে ম্যাসেজ পাঠিয়ে আবদুল্লাহকে অপহরণ করা হয়েছে জানিয়ে দুর্বৃত্তরা মুক্তিপণ বাবদ পাঁচ লক্ষ দাবি করে।  বিষয়টি আবদুল্লাহর পরিবার  থানায় জানায়। এরপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এ ঘটনার কোনো ক্লু বের করতে পারেনি।
এদিকে আবদুল্লাহকে উদ্ধারে এলাকাবাসী কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
 
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বলেন, ‘শিশুটিকে উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’