বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না রাশেদ মিয়ার

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২০:১২
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বয়স্ক ভাতা উত্তোলন করে বাড়ি ফেরা হলো না ৮১ বছরের বৃদ্ধ রাশেদ মিয়ার। বাড়ি ফেরার পথেই তিনি অন্য জগতের বাসিন্দা হলেন।
 
জানা গেছে, রবিবার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নাজেম মিয়ার ছেলে মো. রাশেদ মিয়া সকাল আটটায় ভাণ্ডারিয়া সোনালী ব্যাংক এসে লাইনে দাঁড়িয়ে বিকেল আনুমানিক সোয়া পাঁচটার পর ব্যাংক থেকে তিন মাসের ১২ শ টাকা বয়স্ক ভাতা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। ভাণ্ডারিয়া পৌর শহরের রিজার্ভ পুকুর পাড় পর্যন্ত এসে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাসরিন আক্তার জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।