গাজীপুরের পূবাইলে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানার বয়লার বিস্ফোরণে নিহতদের ক্ষতিপূরণ ও কারখানার মালিককে দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার বিকেলে প্রতিবাদ সভা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. বজলুর রহমান বাছিরের সভাপতিত্বে পূবাইল রেলক্রসিং এলাকায় স্থানীয় শ্রমিক সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় কেন্দ্রীয় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ নেতা ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূইয়া, গাজীপুর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ এবং গাজীপুর মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা দোষীদের দ্রুত বিচার ও নিহতদের আন্তর্জাতিক মান অনুযায়ী ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এর আগে ঘটনাস্থলে মহিলা শ্রমিক লীগের নেতারা বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের স্মার্ট মেটাল অ্যান্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারাখানার পার্শ্ববর্তী জয়দেবপুর-পূবাইল সড়কে দিয়ে যাবার পথে অটোরিকশার যাত্রী, স্কুল শিক্ষিকাসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এবং চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন মারা যান।
