কুমিল্লার মুরাদনগর উপজেলায় নির্মাণাধীন ব্রিজের খাদে পড়ে সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাতে উপজেলার পায়ব নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত চালক আ. মান্নান (৬০) উপজেলার নগরপাড় গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব নামক স্থানে ব্রিজের নির্মাণকাজ চলছে। সেখানে সতর্কীকরণ সাইন না থাকায় রাতে কোনো কিছু বোঝার আগেই সিএনজি চালক দুই যাত্রীসহ ব্রিজের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তারা পায়ব গ্রামের বাসিন্দা।
রাতেই মুরাদনগর থানার এসআই মাহাবুব ও জীবন হাজারীসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্রিজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, ‘ব্রিজের দুই পাশে বাঁশ বাঁধা থাকে। হয়তো কোনো কর্মচারী ভুল করে বাঁশটি খোলার পর আর লাগায়নি।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রিজের এক পাশে বাঁশ বাঁধা না থাকায় এ ঘটনা ঘটেছে।
