গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় পাঁচ মাসের শিশু ছেলে ইয়াসিন শেখকে গলা কেটে হত্যা করেছে মা লিপি বেগম।
সোমবার উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই গ্রামের ভুলু শেখের ছেলে।
পুলিশ জানায়, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিপি বেগমকে (৩০) আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দিতে দিয়েছেন।
জবানবন্দিতে লিপি বলেন, দুপুরে শিশু পুত্র ইয়াসিন কান্না করছিল। অনেকক্ষণ ধরেই সে কান্না করে যাচ্ছিল। এক সময় মা লিপি আক্তার বিরক্ত হয়ে সাময়িক কাণ্ডজ্ঞান হারিয়ে পাঁচ মাস বয়সী ছেলে ইয়াসিরের গলা ব্লেড দিয়ে কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই ইয়াসির মারা যায়।
তিনি হত্যার কারণ হিসেবে রাতের বেলায় বিরক্ত করায় ঠিকমত খেতে ও ঘুমাতে পারেন না বলে শিশু সন্তানের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করান।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
