ওরছ থেকে চুরি হওয়া শিশু কচুয়ায় উদ্ধার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৩
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ মাদ্দাখাঁ (রহ.) এর ওরছ মাহফিল থেকে অপহৃত শুভ কচুয়া থেকে উদ্ধার হয়েছে।
 
সোমবার বিকালে কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের সাহারপাড় গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ রেহেনা বেগম নামে একজনকে আটক করেছে।
 
এদিকে শিশুটিকে উদ্ধারের পর হাজীগঞ্জ আসার সময় হাজীগঞ্জ থানা পুলিশ ও শিশুর অভিবাবকের সঙ্গে সাহারপাড় এলাকার মানুষের মারামারির ঘটনা ঘটেছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, মঙ্গলবার শিশু ও রেহানা বেগমকে আদালতে হাজির করা হবে।
 
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাতটার দিকে শিশু শুভকে নিয়ে মা ও ছোট চাচা উপজেলার আলীগঞ্জ মাদ্দাখাঁ (রহ.) এর ওরছ মাহফিলে যায়। ১০ বছরের ওই শিশুকে চাচার কোলে রেখে শিশুটির মা জিয়ারত করতে মাজারের ভিতরে প্রবেশ করে। চাচা শুভকে নিয়ে মাজারের বাইরে দাঁড়িয়ে ছিল। এ সময় বোরকা পরা অজ্ঞাত এক নারী শিশুটিকে কোলে নিয়ে চাচাকে এক শ টাকার ভাংতি আনতে পাঠায়। এরপর ওই নারী শুভকে নিয়ে উধাও হয়ে যায়। পরিবার এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়।