ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় গাছের গুঁড়ি ফেলে বরযাত্রীর গাড়ি বহর ও যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে মহাসড়কের চান্দিনা উপজেলাধীন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটক সংলগ্ন সাহাপাড়া ব্রিজের উপর এই ঘটনা ঘটে।
এসময় বরযাত্রীর চারটি মাইক্রোবাসে ডাকাতি করে তাদের স্বর্ণালংকার, মূল্যবান মালামাল লুট করে ডাকাতরা। এছাড়া ঢাকাগামী অপর একটি বাসেও ডাকাতি করে যাত্রীদের মালামাল লুট করে বলে জানা গেছে।
ব্রিজ সংলগ্ন স’মিলের শ্রমিক সজিব জানান, সকাল নয়টায় মিলে আসার পর দেখি আমাদের স্তুপের গাছের গুঁড়িগুলো রাস্তার পাশে পড়ে আছে এবং পুলিশের কয়েকটি গাড়ি থেমে আছে। পরবর্তীতে জানতে পারি রাতে আমাদের মিল থেকে গাছের গুড়ি নিয়ে বরযাত্রীর গাড়ি বহরে ডাকাতি করা হয়।
চান্দিনা বাস স্টেশন সংলগ্ন এক দোকানদার জানান, রাত প্রায় দুইটার দিকে যাত্রীবাহী একটি বাস আমাদের স্টেশনে এসে পুলিশ খোঁজ করছিল। এসময় আমরা এগিয়ে গিয়ে কি হয়েছে জানতে চাইলে তারা জানান, ব্রিজে ডাকাতি হচ্ছে।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, বরযাত্রীর গাড়িতে ডাকাতি হয়েছে শুনেছি। কিন্তু কতটি গাড়িতে ডাকাতি হয়েছে তা সঠিকভাবে বলতে পারছি না।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোলায়মান হোসেন জানান, ডাকাতি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এই বিষয়ে তদন্ত চলছে।
