নালিতাবাড়ী সীমান্তে আরো ৫ হাজার গুলি উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা সীমান্তের কালাপানি এলাকা থেকে আরো ৫ হাজার ২৫৭ গুলি উদ্ধার করেছে র‌্যাব। এনিয়ে দুই দিনে ওই পাহাড়ি টিলার মাটি খুড়ে ৪৮ হাজার ২৫৭টি গুলি ও ৬০টি অস্ত্র উদ্ধার করা হলো।
 
মঙ্গলবার উদ্ধার করা গুলির মধ্যে বিমান বিধ্বংসী গুলি, মেশিনগান, পিস্তল ও বিভিন্ন ধরনের রইফেলের গুলি রয়েছে। সোমবার ভোর ৩টা থেকে র‌্যাব-৫ ও র‌্যা‌বের ইন্টিলিজেন্স উইং এ গোলাবরূদ ও অস্ত্র অভিযান পরিচালনা করে।
 
অভিযানে নেতৃত্ব দানকারী র‌্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম মঙ্গলবার জানান, বুরুঙ্গা সীমান্তে অস্ত্র উদ্ধার অভিযান দুপুর ১২টার দিকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এদিন আরো ৫ হাজার ২৫৭টি গুলি উদ্ধার করা হয়েছে।তবে নতুন কোন অস্ত্র উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও সেখানে র‌্যাবের টহল ও নজরদারি আরো কিছুদিন থাকবে।
 
এদিকে, বুরুঙ্গার গহীন অরণ্যে অস্ত্র ও গোলাবারূদ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।