সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ওপর সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সিআইএ'র দাবি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়। এমন দাবিকে মিথ্যা বলেছে সৌদি আরব।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর গতকাল মঙ্গলবার এক সংবাদমাধ্যমে এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এসবের কোন ভিত্তি নেই। আমরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করছি।
তিনি আরো বলেন, তাদের কাছে এসবের কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই। তারা একটা ধারণার ওপর ভিত্তি করে এসব কথা বলছে।
অন্যদিকে সিআইএ-এর পক্ষ থেকে বলা হয়েছিল, তারা খাশোগি হত্যাকাণ্ডের রিপোর্ট বিভিন্ন রেকর্ড ও তথ্য উপাত্ত যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছিল।
উল্লেখ্য, তুর্কি বান্ধবীর সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এর ১৭ দিনের মাথায় সৌদি স্বীকার করে, কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে।
খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি। তথ্য সূত্র: সিএনএন/রয়টার্স/আল-জাজিরা।
ইত্তেফাক/এসআর
