বইমেলায় আনিসুর বুলবুলের 'একজন তালবেলেমের চিঠি'

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০০:১৬

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে তরুণ লেখক আনিসুর বুলবুল-এর গল্পগ্রন্থ 'একজন তালবেলেমের চিঠি।' ১৫টি ঝরঝরে গল্প নিয়ে প্রকাশিত গ্রন্থটি মেলায় নিয়ে আসছে বেহুলাবাংলা প্রকাশনী।

ছোট পরিসরেই ব্যাপ্তি। তবে মুক্তিযুদ্ধ, ভালোবাসা, ঘৃণা, প্রতারণা, মানুষের ভণ্ডামি, তালিবে ইলমের মন, শৈশবের স্মৃতি, ইন্টারনেটকেন্দ্রিক যুবসমাজ বা একাকী প্রবাসজীবন থেকে শুরু করে ঈদের খুশিটাও টেনে আনা হয়েছে বইটিতে।

লেখক জীবনের নানা প্রান্তর থেকে কুড়িয়েছেন গল্পের নুড়ি। মননের কাঠখড় পুড়িয়ে গল্পের কাঠামো বিন্যাসে তিনি কতটা মুনশিয়ানা দেখালেন, সেটা বিবেচনার ভার পাঠকের। যদিও প্রতিটা গল্পেই দ্বান্দ্বিক গতিময়তা আছে, তবু সুখপাঠ্য, নির্ভার, মেদহীন।

আনিসুর বুলবুলের ভাষায়, লেখালেখির ব্যাপারে আব্বার তাগাদা ছিল মধুর যন্ত্রণা। প্রায়ই বলতেন, 'বাবা, পড়ো আর লেখালেখি করো'। বড্ডো বিরক্ত লাগত। একসময় বিষয়টি মাথাচাড়া দেয়। খস খস শব্দে কলম চলত সাদা কাগজে। সত্যিই একটা বই লিখে ফেললাম! হাড়কিপ্টের মতো প্রশংসাও ছুড়ে দিলেন কয়েকজন শুভাকাঙ্ক্ষী। আব্বার প্রচ্ছন্ন প্ররোচনাতেই লেখার ইচ্ছাটা ঠাঁই পেল মনে। থামা হয়নি; কিন্তু পরিপূর্ণতাও আসেনি। অফিসের সহকর্মী, বন্ধু আর স্ত্রীর আগ্রহে আতঙ্ক নিয়ে লিখে ফেললাম ১৫টি গল্প। অবিশ্বাস্যভাবে এবারের একুশের মুখ দেখবে আমার 'একজন তালবেলেমের চিঠি'। জীবনের কঠিন বিষয়গুলো সহজ করে তুলে আনতে চেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে আবার জলের মতো বিষয়ও কঠিন বরফের আদল পেয়েছে। আসলে কি করেছি তা পাঠকই বুঝবেন।

আনিসুর বুলবুল পেশায় একজন সাংবাদিক। মানিকগঞ্জ থেকে প্রকাশিত সাতদিনের মানিকগঞ্জের সম্পাদক ও দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠে সহসম্পাদক পদে কর্মরত।
চারু পিন্টুর প্রচ্ছদ করা 'একজন তালবেলেমের চিঠি' বইটি পাওয়া যাবে মেলার বেহুলাবাংলার ৫৭৭ নম্বর স্টল, লিটলম্যাগ প্যাভিলিয়নের ১৫ নম্বর স্টল ও রকমারি ডটকমে।