সিরিয়া ও ইরাকে পিছু হটতে থাকা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার লিবিয়াতে পালিয়ে গেছে। দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বিবিসি এই কথা জানিয়েছে।
বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে লিবিয়ার মিসার্তা শহরের গোয়েন্দা প্রধান ইসমাইল শুকরি জানান, মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর সির্তেতে অবস্থিত আইএস ঘাটিতে ওই কমান্ডাররা আশ্রয় নিচ্ছে। গত বছর এই শহরের দখল নেয় আইএস। শুকরি বলেন, সির্তের আইএস যোদ্ধাদের ৭০ শতাংশ বিদেশি। এদের বেশিরভাগ তিউনিশিয়ান এর পরে রয়েছে মিশরীয়, সুদানি ও কিছু আলজেরিয়ান। এদের সঙ্গে রয়েছে ইরাকি ও সিরিয়ান। ইরাকিদের বেশিরভাগ সাদ্দাম হুসেনের ভেঙ্গে যাওয়া সেনাবাহিনীর সদস্য।
ইরাক ও সিরিয়ায় মার্কিন ও রুশ বিমান হামলায় ব্যতিব্যস্ত আইএস এর কমান্ডাররা লিবিয়ায় আশ্রয় নিচ্ছেন এই কথা বলে তিনি বলেন, আইএস এর দীর্ঘসময় টিকে থাকতে যাদের প্রয়োজন হতে পারে সেইসব কমান্ডাররা লিবিয়ায় আশ্রয় নিচ্ছে। তারা লিবিয়াকে নিরাপদ ভাবে। লিবিয়ায় আইএস এর প্রভাব বৃদ্ধির শঙ্কায় রোমে ২৩ টি দেশের প্রতিনিধি বৈঠক করেছে মঙ্গলবার। গাদ্দাফির পতনের পরে অস্থিতিশীল ও বিবদমান প্রশাসনের সুযোগে আইএস লিবিয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে। বিবিসি।
