সিলেটে ঐতিহ্যবাহী আবু সিনা ছাত্রাবাস রক্ষায় মানববন্ধন

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:২৯

 

বিভাগীয় জাদুঘর স্থাপনের দাবি

 সিলেট অফিস

ঐতিহ্যবাহী স্থাপনা আবু সিনা ছাত্রাবাস সংরক্ষণ ও বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে সিলেটে মঙ্গলবার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের কর্মসূচি পালিত হয়। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা ও সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজ যৌথভাবে আয়োজন করে মানববন্ধন ও সমাবেশ। এতে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ভবনটি সংস্কার ও সংরক্ষণের দাবি জানান।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা এই ভবনের স্থাপত্য মূল্য ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। সমাবেশ শেষে একটি র্যালি আবু সিনা ছাত্রাবাস পরিদর্শন করে এবং কাজ বন্ধের দাবিতে ব্যানার টানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর কেন্দ্রস্থলে নির্মিত দেড়শ বছর প্রাচীন ব্রিটিশ কলোনিয়াল স্থাপত্য রীতির এই ভবন ভেঙে ফেলার পরিকল্পনা অবিবেচনাপ্রসূত হবে। এই স্থাপনা সংরক্ষণ করে সিলেট বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা করা এবং প্রস্তাবিত ২৫০ শয্যার হাসপাতাল শহরতলীর টুকেরবাজার, বাদাঘাট বা অন্য কোথাও করার পরামর্শ দেওয়া হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট-এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত নাগরিক সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সমপাদক ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম সূচনা বক্তব্য রাখেন। বিশেষজ্ঞ মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি, সিলেট এর স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি রাজন দাশ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থপতি শুভজিত্ চৌধুরী।

সেভ দ্য হেরিটেজ এন্ড এনভায়রনমেন্টের উদ্যোগে বিকাল ৪টায় আবু সিনা ছাত্রাবাস প্রাঙ্গণে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়।