দুর্নীতির বিরুদ্ধে বিবেক জাগ্রত করার আহ্বান টিআইবির

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৯
 
দুর্নীতি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে জনগনের বিবেক জাগ্রত করার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ব্লগার ও লেখক হত্যাকারীদের বিরুদ্ধেও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন টিআইবির ‘সচেতন নাগরিক কমিটি ও উইথ এনগেজমেন্ট সাপোর্ট’ (সনাক-ইয়েস)-এর জাতীয় সম্মেলন-২০১৬ এর প্যানেল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
 
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। এ সময় তিনি দেশের ৪৫টি অঞ্চলের থেকে আসা টিআইবির দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সনাক সদস্য ও স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস এবং ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইয়েস সদস্যরা শপথ বাক্য পাঠ করান।
 
 টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন সুলতানা কামাল ও ট্রাস্টি বোর্ডের মহাসচিব বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
 

‘জাগ্রত বিবেক ও দুর্নীতিবিরোধী আন্দোলন’ বিষয়ক প্যানেল আলোচনায় সুলতানা কামাল বলেন, জবাবদীহিতা নিয়ে আমাদের প্রচন্ড উদাসীনতা রয়েছে। জবাবদীহিতার অভাবে যে যার অবস্থান থেকে লাভ আদায় করে নিচ্ছে। দুর্বলদের ওপর অত্যাচার, নির্যাতন, হয়রানি এমনকি হত্যা করে সম্পদ গ্রাস করতে আমরা পিছপা হচ্ছি না। এ রকম ঘটনার পর মনে করছি না যে, মানুষ হিসেবে কোথাও না কোথাও জবাবদিহি রয়েছে। আমরা ব্যথিত হই কারণ যাঁদের এসব দমন করার দায়িত্ব তাঁরা তা করছেন না।