পার্বত্য চট্টগ্রামে উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী ------------------- ইসি সচিব

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৩০

চট্টগ্রাম অফিস

পার্বত্য চট্টগ্রামে আসন্ন উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী নিয়মিত বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। সেখানে বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ভোটগ্রহণের দায়িত্বে থাকবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। চট্টগ্রামে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত বিভাগীয় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। 

চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্ব না করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।