কারাবন্দি শীর্ষ মাদকব্যবসায়ী জোয়াকিন গুজমান 'এল চ্যাপো'র সঙ্গে 'যোগাযোগ ছিল' সন্দেহে অভিনেত্রী কেট দেল ক্যাসতিয়োকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন মেক্সিকোর সরকারি আইন কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছর 'অনার দেল ক্যাসতিয়ো' নামে টাকিলার যে নতুন ব্র্যান্ড খোলা হয়, তার জন্য ক্যাসতিয়ো গুজমানের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে কৌসুলিরা অভিযোগ করছেন।
গুজমানের সঙ্গে 'তেলেনোবেলা মুচাচিতাস' খ্যাত এ অভিনেত্রীর এমন যোগাযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এরেলি গোমেজ। দেশটির এল ইউনিভার্সেল পত্রিকাকে অ্যাটর্নি জেনারেল গোমেজ বলেন, এল চ্যাপো ও ক্যাসতিয়োর বেশ কয়েকটি ফোন বার্তা আইন কর্মকর্তাদের হাতে এসেছে। "ওইসব মেসেজে 'অর্ডার' 'ব্যবসা' ও 'চলো একসাথে করি' কথাগুলো আছে।"
এদিকে এ সকল অভিযোগ অস্বীকার করেছেন ক্যাসতিয়ো। মেক্সিকোয় জন্ম নেয়া এ অভিনেত্রীর মার্কিন নাগরিকত্ব আছে। বিবিসি জানিয়েছে, মেক্সিকোর আইন কর্মকর্তাদের দেওয়া গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের এই আদেশ দেশটির সীমান্তের বাইরে কাজ করবে না। নিজ দেশে ফেরত গেলেই কেবল ক্যাসতিয়োকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।
ক্যাসতিয়োর আইনজীবী হার্লান্ড ব্রাউন বিবিসিকে বলেছেন, 'সঠিক তথ্য ও পরিচয় নিশ্চিত হলে’ তার মক্কেল মেক্সিকান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি (ক্যাসতিয়ো) কোনো কিছুই গোপন করছেন না। তাকে খুঁজে পেতেও সমস্যা হবে না। সবাই তার আইনজীবী, প্রচারকারী এমনকি এজেন্টদেরও চেনে।' বিডি নিউজ।
