সোনার কন্যা জুনাইনা আহমেদ

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৩৯

স্পোর্টস রিপোর্টার

জাতীয় সাঁতার অনেক দিন মনে রাখবে লন্ডন প্রবাসী জুনাইনা আহমেদকে। প্রথমবার জাতীয় সাঁতারের বড় আসরে অংশগ্রহণ করে সবাইকে টেক্কা দিয়ে উপরে চলে গেছেন। চাট্টিখানি কথা নয়। ঝুলি ভরে সোনার পদক নিয়ে লন্ডনে ফিরবেন ১৭ বছরের এই সাঁতারু। নৌবাহিনীর পতাকা তলে এবার জাতীয় সাঁতারের ২৯তম আসরে প্রথমবার পুলে নেমে ৯টি সোনার পদক জয় করেছেন জুনাইনা আহমেদ। যার সঙ্গে জাতীয় রেকর্ড রয়েছে ৮টি। মেয়েদের মধ্যে এই জুনাইনা হয়েছেন সেরা সাঁতারু। জুনাইনা যেন এলেন দেখলেন জয় করলেন। ভালো বাংলা বলতে পারেন না। বুঝলেনও না এলেন দেখলেন জয় করলেন কথাটা কি বুঝায়। অন্যরা যখন বুঝিয়ে দিলেন। তখন তার চোখ যেন আরও আলোকিত হয়ে উঠল সোনার কন্যার। দোয়া চাইলেন। বললেন, ‘এসএস গেমস আছে। এশিয়ান গেমস আছে সেকানে লড়াই করতে চাই।’ এই মেয়েটিকে নিয়ে বাংলাদেশ পরিকল্পনা করতে পারে। সামনে গেমস রয়েছে। সেখানে ভালো কিছু উপহার দেওয়ার সম্ভাবনা রয়েছে তার। নৌবাহিনী সুযোগ করে দিয়েছে বিওএ এবং সাঁতার ফেডারেশনকে। নৌবাহিনী জুনাইনাকে ঢাকায় এনে খেলার সুযোগ করে দিয়েছে। সিলেটি কন্যা জুনাইনা নৌবাহিনীর প্রতিদান দিয়েছেন সাফল্য উপহার দিয়ে। জাতীয় সাঁতারে দলগত চ্যাম্পিয়ন নৌবাহিনীর ৩২টির সোনার পদকের মধ্যে ৯টি জুনাইনার নামে।

গতকাল শেষ দিনে মিরপুরে সুইমিং কমপ্লেক্সে জুনাইনা আরও তিনটি নতুন পদক জয় করেন। সেনাবাহিনী ১০টি সোনার পদক জয় করে রানার্সআপ হয়েছে। এর মধ্যে সবেচেয়ে বেশি ৫টি সোনার পদক পেয়েছেন জুয়েল আহম্মেদ। সব কয়টাই জাতীয় রেকর্ডে গড়া। নৌবাহিনীর আরিফুলও ৫টি সোনার পদক পেয়েছেন তবে আরিফুলকে দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে কারণ তার জাতীয় রেকর্ড ৩টি। যে কারণে জুয়েল আহম্মেদ ছেলেদের মধ্যে সেরা সাঁতারু হন। সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী পুরস্কার বিতরণ করেন।