এবার অজ্ঞান পার্টির কবলে ডিবি পুলিশ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১০
র‍্যাব, পুলিশ ও সেনা সদস্যের পর রাজধানীতে এবার অজ্ঞান পার্টির কবলে পড়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্য। তার নাম মো. আজহারুল ইসলাম। অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছ থেকে ৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
 
বৃহস্পতিবার রাতে ওই ডিবি সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসাপাতালে ভর্তি করা হয়। তার কনস্টেবল নম্বর-৬৫৬৬। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আজহারুলের বাড়ি।
 
আজহারুল জানান, বৃহস্পতিবার রাতে তিনি ফকিরাপুলে ফুটপাতের এক দোকানদারের কাছ থেকে একটি জুস কিনেন। জুস পান করে সেখান থেকে আলিফ পরিবহনের একটি বাসে চড়ে গাবতলী যাচ্ছিলেন। বাসটি ছাড়ার পরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
 
পরে গাড়ির হেল্পার, চালক ও সাধারণ যাত্রীদের চেষ্টায় তিনি জ্ঞান ফিরে পান। বিষয়টি শাহবাগের দায়িত্বরত পুলিশ সদস্যদের জানানো হয়। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, তার কাছে ৭ হাজার টাকা ছিল যা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে।