গোলবন্যা বইয়ে শেষ আটে সিটি

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৪০

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির মাঠে আক্ষরিক অর্থেই বিধ্বস্ত হলো শালকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ফিরতি লড়াইয়ে কোচ পেপ গার্দিওলার দল গত মঙ্গলবার রাতে ৭-০ গোলে জয়ী হয়। দুই লেগ মিলিয়ে ১০-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠলো ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

সার্জিও অ্যাগুয়েরোর জোড়া গোলের পর একবার করে বিপক্ষের জালে বল ফেলেন ল্যারয় সানে, রাহিম স্টার্লিং, বার্নারদো সিলভা, ফিল ফোডেন ও গ্যাব্রিয়েল জেসুস। শুরুটা হয় আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যাগুয়েরোর পেনাল্টি থেকে করা গোলের সুবাদে। এরপর নিয়মিত বিরতিতে জার্মান দলটির বিরুদ্ধে গোল করে যায় সিটির খেলোয়াড়রা।

ল্যারয় সানে তৃতীয় গোলটির পাশাপাশি বিরতির পর সতীর্থদের আরো তিনটিতে বলের জোগান দেন। রিয়াদ মাহরেজের পরিবর্তে দলে আসা ২৩ বছর বয়সী ল্যারয় এই রাতে তার সাবেক ক্লাবের বিরুদ্ধে জ্বলে ওঠেন। সিটি কোচ গার্দিওলা দলের ভেতরে এরকম প্রতিদ্বন্দ্বিতার সুফল মেলায় উচ্ছ্বসিত।

শালকের মাঠে প্রথম লেগে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছিল তার দল। কেভিন ডি ব্রুইন, ফান্দানদিনহো, নিকোলাস ওতামেন্দি ও ভিনসেন্ট কোম্পানি ম্যাচটিতে না থাকলেও প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ক্লাবটির জন্য কোনো সমস্যা হয়নি। বরং এদিনই তারা ইউরোপীয় পর্যায়ে সবচেয়ে বড় জয়টি তুলে নেয়।

গার্দিওলা তার খেলোয়াড়দের এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে খেলা শেষে বিটি স্পোর্ট এর সাথে কথা বলেন। স্পানিশ কোচের মতে, ‘তারা জানে তাদের একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। সবাই খেলতে চায় এবং সবাইকেই একটা ভালো মানে খেলতে হয়। আজ সবাই খেলতে, সম্পৃক্ত হতে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আগের খেলায় রিয়াদ মাহরেজ ছিল সেরা খেলোয়াড়দের একজন। আজ ল্যারয় একটা ভালো মানে খেলেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা কোয়ার্টার ফাইনাল অর্জন করতে পেরে আনন্দিত। আশা করি আমরা আরো একধাপ এগিয়ে যেতে পারবো।’

চলতি মৌসুমে এ নিয়ে ১০ বার পাঁচ বা তার বেশি গোল করল সিটি। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ চার আসরে এনিয়ে তৃতীয়বার শেষ আটে গেল দলটি। ফেব্রুয়ারির পর এ নিয়ে টানা ১০ খেলায় জিতলো সিটি। এখন তাদের সামনে সুযোগ আছে চারটি বড় ট্রফি জয়ের।

কিন্তু কোচ গার্দিওলাকে দুশ্চিন্তায় রেখেছে তার খেলোয়াড়দের কয়েকজনের ইনজুরি। তিনি বলেন,‘এ মুহূর্তে আমাদের আছে অনেক ইনজুরিগ্রস্ত খেলোয়াড়। আমরা এ যাত্রাটা অব্যাহত রাখতে চাই। বিশেষ করে এপ্রিলে। সেজন্য আমাদের দরকার খেলোয়াড়দের ফিট হয়ে ফেরার। নইলে এটা সম্ভব হবে না।’