গত বছর নারী জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল সিলেট বিভাগ। এবার তারা জিতে নিল টানা দ্বিতীয় শিরোপা। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ হয়েছে ১০ম নারী জাতীয় লিগ। এই টুর্নামেন্টটি এবার ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। আর সিলেট এবার ৭টি ম্যাচের সবগুলো জিতে ১৪ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে। ঢাকা ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এবারের আসরে ২০৫ রান করে এবং ১৬ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার রুমানা আহমেদ। ৪১৪ রান করে সেরা ব্যাটসম্যান হয়েছেন সিলেটের মুর্শেদা খাতুন হ্যাপি। সর্বোচ্চ ১৬টি করে উইকেট নিয়েছেন খুলনার রুমানা ও বরিশালের নাহিদা আখতার। ময়মনসিংহের ১৪ বছর বয়সী লেগস্পিনার স্বর্ণা ১৫ উইকেট নিয়ে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন।
