নাসিরনগরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত বিষ্ণু সরকার (৪৮) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামের বাসিন্দা।
 
শনিবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
 
পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই হরিদাস সরকার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে করা মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
 
জানা গেছে, স্থানীয় সুনিল মল্লিকের ছেলে কলেজ পড়ুয়া অদৈত্য মল্লিক (২২) ও তার লোকজন পূর্বশত্রুতার জের ধরে বিষ্ণুকে আটক করে পিটিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
নাসিরনগর থানার এসআই কাউসার মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।