নিউজিল্যান্ড দলে টম ব্লানডেল

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার

ক্রাইস্টচার্চ টেস্টের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন টম ব্লানডেল। মূলত নিয়মিত উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিংয়ের ইনজুরির কারণেই তাকে প্রস্তুত রাখা হচ্ছে। যদিও, একদিন আগেই কোচ গ্যারি স্টিড জানিয়েছিলেন ওয়াটলিংকে নিয়ে খুব একটা ঝুঁকি নেই।

ওয়েলিংটন টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগে সকালে অনুশীলনে হ্যামস্ট্রি ইনজুরিতে পড়েন উইকেটকিপার বিজে ওয়াটলিং। তিনিও তাই মাঠে নামেননি। তার জায়গায় উইকেটরক্ষণের কাজটা করেছেন অনভিষিক্ত উইকেটরক্ষক পিটার বোকক।

এদিকে, আগেই জানা গেছে যে, ক্রাইস্টচার্চ টেস্টে অধিনায়ক কেন উইলিয়ামসনের খেলার সম্ভাবনা খুবই কম। কারণ তার কাঁধের মাংসপেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে। যদিও, তিনি দলের সঙ্গেই ক্রাইস্টচার্চে গেছেন। আগামীকাল অবধি উইলিয়ামসনের ফিটনেসের ওপর কড়া নজর রাখা হবে।

এর মধ্যেই যদি উইলিয়ামসন সুস্থ হয়ে ওঠেন তাহলে ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তিনি খেলেও ফেলতে পারেন। তবে, যদি তিনি না খেলেন তাহলে তিন নম্বর পজিশনে খেলবেন ২৬ বছর বয়সী উইল ইয়ঙ।

ওয়াটলিংয়ের ব্যাপারেও শুক্রবারের আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তার বদলি হিসেবে ডাক পাওয়া ২৮ বছর বয়সী ব্লানডেল সম্প্র্রতি ঘরোয়া আসরে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ গড়ে চার ম্যাচে ২৪০ রান করেন।

আন্তর্জাতিক ক্রিকেটেও তার অভিষেক হয়ে গেছে। ২০১৭ সালের জানুয়ারিতে এই বাংলাদেশের বিপক্ষেই টি-টোয়েন্টি দিয়ে তার অভিষেক হয়। যদিও টি-টোয়েন্টিতে এখনো বড় কিছু করতে পারেননি।

তবে, ফরম্যাটটা যখন টেস্ট, তখন তিনি বেশ কার্যকর। তিনি নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। যদিও, মাত্র দুই টেস্টের পরই তিনি কোমরের নিচের অংশের ইনজুরিতে পড়েছিলেন। এবার ওয়াটলিংয়ের ইনজুরি নতুন করে তার কপাল খুলে দিল।

আগামী ১৬ মার্চ শনিবার, ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। যদিও এটা কেবলই নিয়মরক্ষার ম্যাচ। কারণ, প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে স্বাগতিক নিউজিল্যান্ড। হ্যামিল্টনে প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানে এবং ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচ ইনিংস ও ১২ রানে জয়ী হয় নিউজিল্যান্ড। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল কেন উইলিয়ামসনের দল। ফলে, বলা যায় এই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তির খাতাটা এখন পর্যন্ত একদমই শূন্য।