স্পোর্টস ডেস্ক
আয়ারল্যান্ডের বিপক্ষে কাল সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের দেহরাদুনে অবস্থিত আফগানিস্তানের হোম ভেন্যু রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্য দিয়ে প্রথমবারের মত ভারতের মাটিতে ভিনদেশি দুটো দল টেস্ট খেলতে নামবে।
এই টেস্টের জন্য আফগানিস্তান দলে ডাক পেলেন বাঁ-হাতি স্পিনার জহির খান ও পেসার সৈয়দ শিরজাদ। আসন্ন টেস্টটির জন্য আগেই ১৪ জনের দল ঘোষণা করেছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই দলে ছিলেন না জহির ও শিরজাদ। এবার তারা সুযোগ পাওয়ায় দলটি ১৬ সদস্যের হলো।
জহিরের ফিটনেস রিপোর্টের জন্য অপেক্ষা করছিলো এসিবি। অবশেষে ফিট হয়ে যাওয়ায় এক ওয়ানডে খেলা জহিরকে দলে নিলো এসিবি। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে তার। ৭ ম্যাচে ৩৪ উইকেট শিকার করেছেন ২০ বছর বয়সী জহির।
পারফরমেন্সে উজ্জ্বল পেসার শিরজাদও। ১৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ উইকেট ঝুলিতে ভরেছেন তিনি। এর মধ্যে চারবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন শিরজাদ।
জহির-শিরজাদকে দলে নেওয়ার ব্যাপারে এসিবি’র প্রধান নির্বাচক দাওলাত আহমাদজাই বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে জহির-শিরজাদের বোলিং রেকর্ড ভালো। আইসিসি ইন্টারকন্টিনেনটাল কাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন দুইজনে। জহিরের ফিটনেস রিপোর্টের জন্য অপেক্ষায় ছিলাম আমরা। এখন সে পুরোপুরি সুস্থ। ১৪ জনের ঘোষিত দলে ছিলেন না জহির। এবার তাকে সেখানে যোগ করা হলো। শিরজাদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা ছিলো না। দলের প্রয়োজনে অতিরিক্ত পেসার হিসেবে সুযোগ পেলেন শিরজাদ।’
