শাহবাগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৬
রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কের সামনের শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।শনিবার দুপুর ১টার দিকে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
 
মামুনুর বলেন, অবৈধ এসব দোকানের কারণে পার্কে শিশুরা প্রবেশ করতে পারে না। তাছাড়া এসব দোকান ও স্থাপনার আড়াল থেকে নারীদের ব্যাগ ছিনতাইসহ নানা কর্মকাণ্ড ঘটে। পার্কে অবাদ যাতায়াত নিশ্চিত করতেই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। করপোরেশনের দুটি বুলডোজার দিয়ে স্থাপনাগুলো ভেঙে দেয়া হয়েছে। দোকানীদের মালামাল সরিয়ে নেয়ার জন্য দুদিন আগ থেকেই বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, মুখে বললেও কেউ মালামাল সরায়নি। এর আগেও বেশ কয়েকবার স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। কিন্তু অভিযান শেষ হতেই তা আবার দখল হয়ে যায়।
 
সিটি করপোরেশনের দু’টি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হচ্ছে। এরই মধ্যে শিশুপার্কের সামনের ৭০ থেকে ৮০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পার্কসংলগ্ন ফুলের দোকানগুলোসহ পাশের ফুলের মার্কেটের বর্ধিতাংশও ভেঙে দেয়া হচ্ছে।