কীর্তনখোলা চরে ১৮০ যাত্রী নিয়ে স্টিমার আটকা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৪
ঘন কুয়াশায় কীর্তনখোলা নদীর চরে ১৮০ যাত্রীসহ বিআইডব্লিউটিসি’র স্টিমার পিএস মাহসুদ আটকা পড়েছে। রবিবার ভোর ৬টার দিকে নদীর চরকাউয়া এলাকায় ‘পিএস মাহসুদ’ স্টিমার আটকা পড়ে বলে বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান। 
 
তিনি জানান, শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা স্টিমারটি বরিশাল হয়ে মোড়েলগঞ্জ যাওয়ার কথা।
ঘন কুয়াশার কারণে চালক দিক হারিয়ে ফেলেন। এক পর্যায়ে ১৮০ জন যাত্রীসহ বরিশাল নদী বন্দরের বিপরীত দিকের চরকাউয়ার চরে আটকে যায় এটি। এতে মোড়েলগঞ্জ রুটের ৭০ জন যাত্রী রয়েছে। বাকিরা নৌকা ও ট্রলারযোগ চলে গেছেন।
 
স্টিমার ও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জোয়ার আসলে টাগ জাহাজের মাধ্যমে স্টিমারটি টেনে নামানো হবে বলে জানান আবুল কালাম।