ভ্যানচালক হত্যাকারীদের শাস্তির দাবিতে কামারখন্দে বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:০৮

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের ভ্যানচালক তারা তালুকদারের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা রিকশাভ্যান শ্রমিক ইউনিয়ন।

বুধবার উপজেলার গোডাউন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রিকশা ভ্যান শ্রমিকেরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতৈল রেলওয়ে স্টেশনে শেষ হয়। পরে স্টেশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আলী আশরাফ সরকার, ওয়াহাব আলী প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার রাত আড়াইটার দিকে জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর এলাকায় দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ভ্যানচালক তারা তালুকদার। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।