মেহেরপুরে বোমা হামলায় কৃষক আহত, আটক ১

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২২
মেহেরপুর সদর উপজেলার দফরপুর মোড়ে বোমা হামলায় ঠাণ্ডু (৪২) নামের এক কৃষক আহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত কৃষক ঠাণ্ডু কোলা গ্রামের মৃত তমালের ছেলে।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, পরিবহনের অপেক্ষায় ঠাণ্ডু রাতে দফরপুর মোড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতের শরীরের বারুদের চিহ্ন রয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দীন আল আজাদ। বোমা হামলার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।
 
এদিকে আহত ঠাণ্ডুর দাবি জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আজরাইল, আবুবক্কর ও আবু হানিফ তার ওপর বোমা হামলা চালিয়েছে।