সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতাসহ আহত ২

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৬
চট্টগ্রামের সাতকানিয়ায় দূর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতাসহ দুইজন আহত হয়েছেন। আহতদের নাম মো. ফারুক (৩০) ও মো. শাহজাহান (৩১)। আহতদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টায় চরতি ইউনিয়নের পানি চরতি দূরদূরী এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
গুরুতর আহত ফারুক এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি ৯নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমানে ইউনিয়ন যুবলীগ নেতা। শাহজাহান এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। 
 
জানা যায়, রবিবার রাতে উপজেলার চরতি ইউনিয়নের দূরদূরী এলাকায় একটি দোকানের সামনে বসে দুই বন্ধু গল্প করছিল। এ সময় হঠাৎ করে ১০-১২জন অপরিচিত লোক এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করলে তারা দুইজন গুরুতর আহত হন। 
 
তবে কী কারণে, কারা তাদের গুলি করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 
 
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'কে বা কারা যুবলীগ নেতার ওপর হামলা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি। তবে ঘটনাটি ন্যাক্কারজনক।' অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
 
চরতি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই ইখতিয়ার উদ্দিন বলেন, 'ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহজনক একজনকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার নাম নুরুল আমিন (৩৫)। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'