বাড্ডায় দুর্ঘটনায় যুবক নিহত, বাসে আগুন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৭
 
রাজধানীর উত্তর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়েছে। সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে। এ সময় প্রগতি সরণিতে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল।
 
নিহতের যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৩০। পরনে ছিল খয়েরি রঙের ফুলপ্যান্ট ও মেরুন রঙের হাফ শার্ট।
 
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, বেলা সাড়ে তিনটার দিকে রামপুরামুখী অনাবিল পরিবহনের একটি বাস পথচারী ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের জনতা উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।
 

লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।