ঝিনাইদহে ঢাল সড়কি উদ্ধার, ১০ জন আটক

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:১৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে কাইজার জন্য মজুত করা ঢাল সড়কি উদ্ধার করেছে পুলিশ। আটক করেছে  ১০জনকে।  গত মঙ্গলবার রাতে সদর উপজেলার পরানপুর ও চন্দ্রযানী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আমিন শেখ, সবেদ আলী, ফরিদুল ইসলাম, মাসুদুর রহমান, তুরাব আলী, মওদুদ মিয়া, জসিম বিশ্বাস, ফিরোজ ও আব্দুল মুন্সি, শাখাওয়াত হোসেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার পরানপুর গ্রামে মঙ্গলবার দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়, ভাঙচুর করা হয় ১৫টি বাড়ি-ঘর। এরই জের ধরে রাতে আবারো দু’পক্ষ ঢাল, সড়কি, বল্লম ও টেঁটা নিয়ে মহড়া শুরু করে। খবর পেয়ে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৫টি ঢাল, ১০টি বল্লম ও ৮ টেঁটা উদ্ধার করে। এসময় আটক করা হয় ১০জনকে। ওই এলাকায় সংঘর্ষ এড়াতে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।