কক্সবাজারে পিকনিকের বাস খাদে, নিহত ১, আহত অর্ধশত

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৩:৪৯

কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাস উল্টে সাইফুল ইসলাম (২৬) নামের এক গামেন্টর্স কর্মী নিহত হয়েছেন। এ সময় নারী-পুরুষ ও শিশুসহ অর্ধশত যাত্রী আহত হন। আহতদের চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

 

বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেইটস্থ নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  সাইফুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল থানার বাসিন্দা ও  নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানার কর্মী বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

 

চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই সাইদুল ইসলাম বলেন, ঢাকার নারায়ণগঞ্জের আদমজী থেকে উর্মি গ্রুপের অর্ধশত কর্মী তাদের পরিবার নিয়ে পিকনিক করতে মঙ্গলবার রাত ৯টায় কক্সবাজারের রওনা দেয়। তাদের বহনকারীর বাসটি চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের যাত্রী সাইফুল ইসলাম নিজেকে বাঁচাতে বাস থেকে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। 

 

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি