কবির হোসেন হত্যাকাণ্ড
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে সিদ্ধহস্ত কামাল হোসেন ওরফে টিকটিকি কামাল (৩৬)। ২০০৪ সালের ২৭ ডিসেম্বর বিদেশি পিস্তল ও রিভলবারসহ সায়দাবাদ বাস টার্মিনালে র্যাবের হাতে গ্রেপ্তারও হন। সাড়ে ৪ বছর জেল খেটে জামিনে বেরিয়ে ফের শুরু করেন চাঁদাবাজি। এলাকায় প্রভাব বিস্তরে বাধা ছিল প্রতিপক্ষ কবির হোসেন (২৫)। ২০০৯ সালের ১৭ জুন প্রতিপক্ষ কবির হোসেনকে এলাকার কদমতলীর শ্যামবাবুর ট্রাকের গ্যারেজে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে টিকটিকি কামাল। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। কদমতলী থানা ও ডিবি পুলিশ অধিকতর তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট দিলেও অধরা ছিল টিকটিকি কামাল। পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার ন্যস্ত হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ঢাকা মেট্রোর (উত্তর) ওপর। প্রায় ১০ বছর পর অবশেষে গত মঙ্গলবার বিকালে রাজধানীর জুরাইন মেডিকেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।
