মেহেরপুরের গাংনীতে চাঁদাবাজির অভিযোগে নওরিন ফেরদৌস (২২) নামের এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। বিদ্যালয়ে কর্মরত অবস্থায় মঙ্গলবার তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
নওরিন ফেরদৌস উপজেলার চৌগাছা গ্রামের আতাহার আলীর মেয়ে ও তেরাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
গাংনী থানার ওসি আকরাম হোসেন, গাংনী বাজারের কাথুলী মোড় এলাকার ওষুধ ব্যবসায়ী আত্তাব আলীর কাছ থেকে বিভিন্ন সময়ে তার শিশু ছেলেকে অপহরণ করার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে টাকা নেন। সম্প্রতি ২৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়েছেন তিনি। এসব ঘটনায় আত্তাব আলী কয়েকটি মোবাইল নম্বর দিয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে নওরিন ফেরদৌসকে সনাক্ত করা হয়।
আটকের পর নওরিন ফেরদৌসকে গাংনী থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
চাঁদাবাজির ঘটনায় আত্তাব আলী বাদি হয়ে গাংনী থানায় নওরিন ফেরদৌসের নাম উল্লেখ করে আরো কয়েকজন অজ্ঞাত নামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৮, তাং ০৮-০২-১৬ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মোক্তার হোসেন জানান, অন্য আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত নওরিন ফেরদৌসকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে নওরিন ফেরদৌসের বাবা আতাহার আলী জানান, 'তার মেয়ে ষড়যন্ত্রের স্বীকার। নওরিন ফেরদৌস শিক্ষকতার পাশাপাশি কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের পড়াশুনা করছেন। তিনি কখনো চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারেন না।
