গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জাসদ জেএসডি ও বাম জোটের

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও গণতান্ত্রিক বাম জোট। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এবং জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন গতকাল মঙ্গলবার পৃথক বিবৃতিতে এ দাবি জানান। অন্যদিকে, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে গতকাল এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বাম জোট।

গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে ইনু-শিরীন যুক্ত বিবৃতিতে বলেন, এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে। অবিলম্বে গ্যাসের এ অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিলের আহ্বান জানান তারা।

জেএসডির রব-রতন তাদের বিবৃতিতে বলেন, এক বছর না যেতেই পুনরায় জ্বালানি গ্যাসের মূল্য প্রায় দ্বিগুণ করার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা কার্যকর হলে জনজীবন, উত্পাদন, উন্নয়ন বিপন্ন হবে। শিল্প কলকারখানা, পরিবহন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এসবের প্রভাব দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও যাতায়াত খরচের ওপরও পড়বে। এতে মধ্যবিত্ত মানুষের জীবন দুঃসহ হয়ে পড়বে। এ অযৌক্তিক ও বেআইনি প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে।

এদিকে, গণঅবস্থান কর্মসূচিতে বাম জোটের নেতারা বলেছেন, গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁঁয়তারা বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। তারা বলেন, বিইআরসির দায়িত্ব ভোক্তাস্বার্থ রক্ষা করা। কিন্তু অতীত ইতিহাস হলো তারা গণশুনানির নামে সরকারের ইচ্ছা ও সিদ্ধান্তের শুনানি করে। মূল্য বাড়ানোর গণশুনানি বন্ধ করে বরং কমানোর জন্য গণশুনানির আয়োজন করতে তারা বিইআরসির প্রতি আহ্বান জানান। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ মার্কসবাদী নেতা মানস নন্দী, গণসংহতি আন্দোলনের মনিরুদ্দিন পাপ্পু, কম্যুনিস্ট লীগের নজরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোফাজ্জল হোসেন মোস্তাক, সিপিবির রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

 

 

০