ফ্রান্সে জঙ্গিবাদে অভিযুক্তরা নাগরিকত্ব হারাবেন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫১
 
ফ্রান্সে জঙ্গি ততপরতায় যুক্তদের নাগরিকত্ব কেড়ে নিতে সংবিধান সংশোধন করা হচ্ছে। সংবিধান সংশোধনের প্রথম ধাপটি অল্প ভোটের ব্যবধানে পাশ হয়েছে ফরাসী পার্লামেন্টে। নাগরিকত্ব কেড়ে নেয়া নিয়ে তীব্র মতভেদ রয়েছে দেশটিতে।
 
সন্ত্রাসবাদে যুক্তদের নাগরিকত্ব কেড়ে নেয়া সংক্রান্ত প্রস্তাবটির পক্ষে ১৬২টি ও বিপক্ষে ১৪৮টি ভোট পড়েছে। এই প্রস্তাব নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে দেশটির বিচারমন্ত্রী ক্রিশিয়ান তবিরা পদত্যাগ করেছিলেন।
 
সরকারের এ সংক্রান্ত অন্যান্য প্রস্তাব মেনে নেয়ার বিষয়ে বুধবার দিন শেষে পার্লামেন্টে ভোটাভুটি হবে। বুধবার এসংক্রান্ত সবগুলো প্রস্তাব পাশ হলে, তা সিনেটে পাঠানো হবে। সেখানে পার্লামেন্টের সঙ্গে যৌথ সভায় তিন পঞ্চমাংশ ভোটে পাশ হলে এটি আইনে পরিণত হবে। সূত্র: বিবিসি